বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ

বান্দরবান জেলার মানচিত্র
বান্দরবান জেলার মানচিত্র

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানে একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সদর ইউনিয়নের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

সাইঙ্গ্যাপাড়াবাসী জোসেফ সূর্য ত্রিপুরা জানান, বুধবার সন্ধ্যার দিকে পাড়ার বাসিন্দা কিষ্ণাতি ত্রিপুরা (৪০) তাঁর মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮) এবং কৃষ্ণাতির ছোট বোন রাংকাতি ত্রিপুরা (৩৫) জুম চাষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় সাইঙ্গ্যাঝিরি পাড়ার ঘাটে গোসল করার সময় ভারী বৃষ্টিতে ঝিরিতে পাহাড়ি ঢল নেমে আসে।

পানির স্রোত থেকে রক্ষা পেতে তাঁরা ঘাটের পানির ট্যাংকের ওপরে ওঠেন। এ সময় হঠাৎ ট্যাংকের ওপর পাহাড় ধসে তিনজনই মাটি চাপা পড়েন। রাংকাতি ত্রিপুরা ট্যাংক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন। সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়াটি বান্দরবান-চিম্বুক সড়কে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা প্রথম আলোকে জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। কিন্তু অবিরাম ভারী বৃষ্টি ও রাত হওয়ায় নিখোঁজদের উদ্ধারে কাজ করা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বান্দরবানের সহকারি পরিচালক মতিউর রহমান প্রথম আলোকে জানান, পুনরায় পাহাড় ধসের সম্ভাবনা থাকায় রাতের অন্ধকারে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয়। সকালে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।