নরসিংদীর পলাশে বালুবাহী একটি ট্রলির সঙ্গে চলন্ত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি গাজীপুরের কাপাসিয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। দেলোয়ার হোসেন ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিটের প্রশাসনিক বিভাগে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দেলোয়ার হোসেন আজ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিলেন। পলাশের চরসিন্দুর ইউনিয়নের বালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি মাথায় আঘাত পান।
স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পরপরই বালুবাহী ট্রলির চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।