প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ

মোয়াজ্জেম হোসেন
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর থানায় এ অভিযোগ দায়ের করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপগণযোগাযোগ-বিষয়ক সম্পাদক আশিক বিন ইদ্রিস এ অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে আশিক বলেন, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মোয়াজ্জেম হোসেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পান তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম কুরুচিপূর্ণ ভাষায় কটূক্তি করেন। এ ধরনের কুরুচিপূর্ণ কটূক্তি সরকার, দেশের মানুষ ও দেশের জন্য মানহানিকর।

অভিযোগকারী আশিক বিন ইদ্রিস বলেন, ‘আমাদের নেত্রীকে নিয়ে এ ধরনের কটূক্তি করায় সংক্ষুব্ধ হয়েছি। তাই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ আহম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম চলছে।’