বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রধান শিক্ষকের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রধান শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। তাঁর বাড়ি সাগান্না ঢালিপাড়া গ্রামে। পুলিশের ধারণা, নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। যে কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে বিদ্যালয়ে যান নজরুল। ওই দিন আর বাড়িতে ফেরেননি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। মুঠোফোন নম্বরও বন্ধ ছিল। পরে তাঁরা থানায় সাধারণ ডায়েরি করেন।

বাবুল মিয়া বলেন, তাঁর জানামতে নজরুলের পরিবারে কোনো কলহ ছিল না।