উপজেলার ১১ ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীরা একই দলের বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১১টিতে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পদপ্রার্থীরা একই দলের বিদ্রোহী প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর মধ্যে অন্তত ছয়টি ইউনিয়নে বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের প্রকাশ্যে হুমকি দেওয়ায় নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন বিদ্রোহীরা।
প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছেন। এ ছাড়া হুমকি-ধমকির অভিযোগও রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও নির্বাচনে জবরদখল ও অস্ত্রবাজির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেক প্রার্থী। বিশেষ করে দক্ষিণ বাঁশখালীর গণ্ডামারা, শেখেরখীল, ছনুয়া, শিলকূপ ও বৈলছড়ি ইউনিয়ন এই ঝুঁকিতে রয়েছে। অভিযোগ রয়েছে, এসব এলাকায় সাগরে দস্যুতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সন্ত্রাসী কাজে ব্যবহার করতে চাইছেন কোনো কোনো প্রার্থী।
জানতে চাইলে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৩ জন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেশকিছু নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।
বাঁশখালীর ১৩ ইউনিয়নের মধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে ১৫ বিদ্রোহী প্রার্থীকে দলটি সাময়িক বহিষ্কার করেছে। কিন্তু তারপরও দমে যাননি বিদ্রোহীরা। দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে নির্বাচনী মাঠে সরব তাঁরা।
এ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২৩ জন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেশকিছু নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।খোন্দকার মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বাঁশখালী
পুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বোরহান উদ্দীন মাহমুদ নেওয়াজকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন সদ্য বিদায়ী দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আকতার হোছাইন। এখানে এমনিতে বর্তমান চেয়ারম্যান বিএনপির আসহাব উদ্দিন। আওয়ামী লীগের দুই প্রার্থীর রেষারেষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি।
জানতে চাইলে আকতার হোছাইন বলেন, ‘দলের প্রার্থীর কোনো জনপ্রিয়তা নেই। তিনি হুমকি-ধমকি দিচ্ছেন। তবে তাতে কাজ হবে না। এখানে বিএনপির সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন বোরহান উদ্দীন মাহমুদ। তিনি বলেন, নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
একইভাবে খানখানাবাদ, ছনুয়া, পুঁইছড়ি, সাধানপুর ও পুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা কঠিন পথ পাড়ি দিচ্ছেন।
পুঁইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী ইতিমধ্যে ‘তাঁর সরকারি গুন্ডা রয়েছে’ বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এ জন্য তাঁকে কারণ দর্শানো নোটিশও দিয়েছে নির্বাচন কমিশন।
এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেকুর রহমান ও নুর মো. ফরহাদুল আলম। তাঁরা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
সাধনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুজন। তাঁরা হলেন ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক আহছান উল্লাহ চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম সালাউদ্দিন কামাল। এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী। তাঁর বিরুদ্ধে হুমকি-ধমকি ও প্রভাব বিস্তারসংক্রান্ত অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। ভোটারদের তাঁরাই ভয়ভীতি দেখাচ্ছেন। জনগণ আমার সঙ্গে আছে।’
ছনুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। হারুনুর রশিদ বলেন, ‘সুষ্ঠু ভোট হলে আবারও রায় তাঁর পক্ষে যাবে। কেউ পেশিশক্তি প্রয়োগ করতে না পারে।’
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। জলদস্যুদের বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার একটি অভিযোগ বিভিন্ন নির্বাচনের সময় আগে উঠেছে। তবে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে এক জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
১৫ জুন বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।