বিয়ানীবাজার পৌরসভার মেয়র নির্বা‌চিত হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

ফারুকুল হক
ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মে‌য়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক। বুধবার রাতে বিয়ানীবাজার উপজেলার সম্মেলনকক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা মোহম্মদ আলমগীর হোসেন জানান, মেয়র পদে চামচ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ফারুকুল হক ১০‌টি কেন্দ্রে ৩ হাজার ৫৬৭‌টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র আবদুস শুকুর ভোট পেয়েছেন ২ হাজার ৪৮টি।

ফারুকুল হক দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন। বিয়ানীবাজার পৌরসভায় বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার মধ্যে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। তবে ইলেকট্রনিক ভো‌টিং মে‌শিনের (ইভিএম) মাধ‌্যমে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় অনেক ভোটারকে ভোগান্তি পোহাতে হয়েছে।