বিয়ানীবাজার পৌরসভায় অন্তঃকোন্দলে ডুবেছে নৌকা

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুস শুকুরের ভরাডুবি হয়েছে। ১০ জন প্রার্থীর মধ্যে তিনি হয়েছেন তৃতীয়। দলীয় অন্তঃকোন্দলের কারণে আবদুস শুকুর পরাজিত হয়েছেন বলে দলটির তৃণমূলের একাধিক কর্মী দাবি করেছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পৌরসভার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে একটিতেও আওয়ামী লীগের প্রার্থী পাস করতে পারেননি। মো. আবদুস শুকুর ২ হাজার ২৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এর বিপরীতে ৪ হাজার ১০০ ভোট পেয়ে এ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুকুল হক। অন্যদিকে ২ হাজার ৩১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুস সবুর।

আওয়ামী লীগের তৃণমূলের একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে দলের আরও তিনজন বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করেন। তাঁরা হলেন ফারুকুল হক, মো. আবদুল কুদ্দুছ ও আহবাব হোসেন। বিদ্রোহী প্রার্থীদের সঙ্গেও স্থানীয় নেতারা প্রকাশ্যে না থাকলেও আড়ালে ইন্ধন জুগিয়েছেন বলে একাধিক নেতা–কর্মী জানিয়েছেন। এ ছাড়া দলের কর্মী-সমর্থকেরাও এসব বিদ্রোহী প্রার্থীর পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বলেন, তিনজন বিদ্রোহী প্রার্থী থাকলেও তাঁদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার জন্য দলের কোনো পর্যায়ের নেতারা অনুরোধ করেননি। যদি এসব প্রার্থীকে অনুরোধ করা হতো, তবে অনেকেই দলীয় নির্দেশনা মেনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতেন। মান-অভিমানের কারণেও অনেকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে চুপচাপ ছিলেন।

এ বিষয়ে কথা বলার জন্য মো. আবদুস শুকুরের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর কয়েকজন সমর্থক বলেছেন, গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর আবদুস শুকুর পৌরসভায় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেও কেবল দলীয় অন্তঃকোন্দলের কারণে তিনি এবারের নির্বাচনে হেরে গেলেন।

তৃণমূলের দুজন নেতা বলেন, নানা কারণে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের মধ্যে মান-অভিমান ছিল। নির্বাচনের আগে এসব দূর করার উদ্যোগ কেউ নেয়নি। এর নেতিবাচক ফলও ভোটে পড়েছে।

তবে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী দলে অন্তঃকোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনে সঠিক প্রার্থীই বাছাই করেছে আওয়ামী লীগ। তবে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থী জয় পাননি।