বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের এক কিশোরীকে (১৭) একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার সকালে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। দুপুরে পুলিশ ওই মামলার প্রধান আসামি অলক চন্দ্রকে (২৮) গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বাদী লিখেছেন, তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়া–আসার পথে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের স্থানীয় যুবক অলক চন্দ্র দে উত্ত্যক্ত করতেন। একসময় তাঁর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। চলতি বছর এসএসসি পাস করার পরে তাঁর মেয়েকে একাধিকবার পরিবারের অজান্তে ঘুরতে নিয়ে যান তিনি। এরপর তাঁর মেয়েকে ধর্ষণ করেন অলক। বিষয়টি জানাজানি হলে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান তাঁরা। তখন অলকের পরিবার ২০ লাখ টাকা যৌতুক দাবি করে।

বাদী আরও লিখেছেন, উপায় না দেখে মেয়ের মতামত নিয়েই পরিবারের পক্ষ থেকে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি যেতে না–যেতেই অলক আবারও ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরে আসতে বলে। ফিরে আসলেই তাঁদের বিয়ে হবে, এ রকম আশ্বাস দেওয়া হয়। কিন্তু মেয়ে ফিরে এলেও অলক তাকে গ্রহণ করেন না। একপর্যায়ে কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর তাঁরা আইনের আশ্রয় নেন।

ওই কিশোরীর ভাষ্য, অলক প্রতিবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেছেন। বিয়ের আশ্বাস দিয়েছেন। তাঁর ঘর করার জন্যই স্বামীর বাড়ি থেকে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ফিরে এসেছেন, কিন্তু অলক বিয়ে করেননি। কিশোরী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় মানুষজন মেয়েটিকে বিয়ের জন্য অলককে চাপ প্রয়োগ করলে এবং মেয়েটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অলকের মাকে ধরে আনে। তখন স্বজনেরা অলককে পুলিশের হাতে তুলে দিয়ে তাঁর মাকে ছাড়িয়ে আনেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ওই মামলার আসামি অলককে গ্রেপ্তার করেছে। মেয়েটিকে ভোলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে তাকে সেফ হোমে পাঠানো হবে। কারণ, মেয়েটির এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।