
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার চালু হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর। সোমবার বিকেলে স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকির (আইসিপি) শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন। সভা শেষে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার থেকে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার সুমেন কান্তি চাকমা।
প্রসঙ্গত, মার্চের শেষ সপ্তাহ থেকে সরকারের ঘোষিত সাধারণ ছুটির আওতায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ রয়েছে।