পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া পয়েন্টের ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক খুঁটির তার চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পিরোজপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
পিরোজপুর আদালতের পরিদর্শক মীর আতাহার আলী বলেন, পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। কিন্তু এখনো রিমান্ডের আবেদনের শুনানি হয়নি।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে সেতুর তার চুরির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের উপপ্রকল্প ব্যবস্থাপক ওয়েন ছাং মিন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।
থানা–পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বেকুটিয়া সেতুর নির্মাণকাজ শেষ হলেও উদ্বোধন হয়নি। ৩০ জুন সকালে সেতুর পূর্বপাশে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তের সংযোগ সড়কসহ সেতুর নির্মিত কাজ পরিদর্শনে যান ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তখন তাঁরা দেখতে পান, সেতুর দুই পাশে মাটির নিচ দিয়ে নেওয়া বৈদ্যুতিক খুঁটির ৩১০ মিটার তাঁর চুরি হয়েছে। যার বাজারমূল্য ছয় লাখ ১৩ হাজার ৮০০ টাকা। ২৯ জুন রাত ১০টা থেকে ৩০ জুন ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুরির খবর পেয়ে গতকাল সকাল থেকে অভিযানে নামেন পুলিশ সদস্যরা। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া শহরের থানা সড়কে বেলায়েত হাওলাদারের ভাঙারির দোকান থেকে ৬১ কেজি তামার তার জব্দের পাশাপাশি বেলায়েতকে আটক করেন। পরে বেলায়েতের স্বীকারোক্তি অনুযায়ী আরও চার চোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের ভাঙারি ব্যবসায়ী বেলায়েত হাওলাদার (৩০), একই উপজেলার মেদিরাবাদ গ্রামের কবির হোসেন (৪২), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের তারিকুল ইসলাম (২০), মো. কাওসার (২০) ও মো. অহিদুল গাজী (২৫)।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেকুটিয়া সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই সেতুতে ১০টি পিয়ার ও ৯টি স্প্যান আছে। ৮৮৯ কোটি টাকা ব্যয়ে চীনের ‘চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছে। এর মধ্যে ৬৫৪ কোটি ৭৯ লাখ টাকা চীন সরকার এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার দিয়েছে। ইতিমধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সওজ–এর কাছে শিগগিরই হস্তান্তর করবে। এরপর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।