
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ১০ দিন পর শ্রমিক–কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। ১৩ জুন থেকে শুরু করে গতকাল ১৫ জুন পর্যন্ত শ্রমিকদের হাতে হাতে বেতন দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
৪ জুন ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ। তাঁরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ডিপোর নিরাপত্তাপ্রহরী মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সোমবার তিনি বেতন পেয়েছেন। প্রতিবার তাঁর বেতন ব্যাংকে দেওয়া হতো। এবার হাতে হাতে দেওয়া হয়েছে। তবে মূল বেতন দেওয়া হয়েছে। অন্যান্য বিল বকেয়া আছে।
জ্যেষ্ঠ মেকানিক্যাল ওয়েল্ডার সুজিত দেব প্রথম আলোকে বলেন, কোম্পানির পক্ষ থেকে তাদের হাতে নগদ মূল বেতন দেওয়া হয়েছে। তিনি এখন ডিপোর ভেতরে পুড়ে যাওয়া গাড়ি মেরামতের কাজ করছেন। কাজে যোগ দিতে পেরে তিনি খুশি।
আইসিডি সহকারী ইনচার্জ আবদুল কাদের বলেন, কনটেইনার লোড-আনলোড শুরু হতে কত সময় লাগবে, তার কোনো সঠিক দিনক্ষণ কেউ বলতে পারছেন না। এ জন্য ঠিকাদারের অধীন নিয়োগকৃত শ্রমিকদের কখন থেকে আবার কাজে বহাল করা হবে, তার কোনো ঠিক নেই।
ঠিকাদারের অধীন কাজ করতেন পেকুয়া উপজেলার বাসিন্দা জমির উদ্দিন। তিনি বলেন, তাঁদের বেতন হয় মাসে দুইবার (১৫ ও ৩০ তারিখ)। সে হিসাবে তাঁদের চার দিনের বেতন বকেয়া আছে। তবে তাঁর দুই শ্যালকের ১২ হাজার করে বেতন বকেয়া ছিল। গত সোমবার সেগুলো পরিশোধ করা হয়েছে। তাঁরা এখন কাজে ফেরার অপেক্ষায় আছেন।
ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, তাঁদের কোম্পানি কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের বেতন দিয়ে দিয়েছে। দুই দিন ধরে হাতে হাতে বেতন দেওয়া হয়েছে।