বোনের জানাজায় যাওয়ার পথে লাশ হলেন ভাই

ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনার ঘটনায় নিহত বাকেরগঞ্জের বাসিন্দা রমজান আলীর লাশ নিয়ে যাচ্ছে স্বজনরা
ছবি: সাইয়ান

বড় বোনের মৃত্যুর খবর পেয়ে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে পিরোজপুরগামী বাসে উঠেছিলেন রমজান আলী। তবে বোনের জানাজায় আর অংশ নেওয়া হলো না তাঁর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে তিনি নিজেই লাশ হয়ে ফিরলেন বাড়িতে।

আজ রোববার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ যাত্রীর মৃত্যু হয়। তাঁদের একজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের রমজান আলী (৩৮)।

রমজান আলীর জামাতা মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, রমজান আলী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন। রমজানের বোন ফুলবানু বেগম (৫৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার বিকেলে মারা যান। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁর জানাজা হওয়ার কথা ছিল। বোনের মৃত্যুর খবর পেয়ে গতকাল সন্ধ্যায় যমুনা পরিবহনের বাসে করে বাড়ির পথে রওনা দেন তিনি। আজ ভোর সাড়ে ৫টার দিকে বাসটি বরিশালের উজিরপুর পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মারা যান।