
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ঘটনায় করা মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। সহিংসতার ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হলো।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই হেফাজতের কর্মী-সমর্থক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা এসব ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি।