ভেসে যাওয়া নৌকা ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রাণ গেল প্রহরীর

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভেসে যাওয়া নৌকা ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে মোবারক আলী (৬০) নামের এক প্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাইকের ছড়া বিলের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলেদের দিয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মোবারক আলী উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া ঘুণ্টিঘর গ্রামের সোনাউল্লাহ ব্যাপারীর ছেলে। তিনি পাইকের ছড়া বিলের প্রহরী (গার্ড) হিসেবে চাকরি করতেন।

পুলিশ, মৃতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবারক আলী গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাইকের ছড়া বিলের ঘাটে নৌকা বেঁধে বাড়িতে ভাত খেতে যান। খাবার খাওয়ার পর রাত আটটার দিকে ঘাটে এসে দেখেন নৌকাটি নেই। কে বা কারা সেটি বিলের পানিতে ভাসিয়ে দিয়েছে। টর্চ জ্বালিয়ে নৌকাটি বিলের মধ্যে ভাসতে দেখেন। বাধ্য হয়ে অন্ধকারের মধ্যে ভেসে যাওয়া নৌকাটি ধরতে তিনি পানিতে নামেন। কিন্তু নৌকাটি ধরতে না পেরে বিলের পানিতে ডুবে যান তিনি।

আজ সকালে তাঁকে খুঁজে না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। তাঁরা জেলেদের ডেকে এনে জাল দিয়ে খুঁজতে থাকেন তাঁকে। বেলা সাড়ে ১১টার দিকে মোবারক আলীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে জেলেদের দিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মোবারক আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।