
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছিল ভোট গ্রহণ। চারপাশে ভোটার ও উৎসুক জনতা। খোলা একটি জায়গায় বসেছে ভ্রাম্যমাণ কয়েকটি দোকান। এর মধ্যে একটি দোকানে কয়েকজন বেলুন বিক্রেতা সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন। হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরণে একজন বেলুন বিক্রেতার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন এক শিশুসহ চার ব্যক্তি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত বেলুন বিক্রেতার নাম জাহিদুল ইসলাম (১৯)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে। আহত চারজন হলেন ফরিদপুরের বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল মাতুব্বর (১৮), কাইচাইল এলাকার জুবায়ের (২৩), রাজৈর উপজেলার শংকরদি এলাকার হেমায়েত বয়াতির স্ত্রী হাওয়া বিবি (৪০) ও একই এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান মোল্লা (১০)। শিশু আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটা থেকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের আশপাশে জড়ো হন স্থানীয় উৎসুক জনতা। সাধারণ মানুষের ভিড় থাকায় কেন্দ্রের পাশে একটি পুকুরপাড়ে খোলা জায়গায় বসে ভ্রাম্যমাণ কয়েকটি দোকান। একটি দোকানে দুটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্যাস বেলুন তৈরি করছিলেন এক দোকানি। দুপুর সাড়ে ১২টার দিকে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বেলুন বিক্রেতা জাহিদুল। আহত হন ওই দোকানের বেলুন বিক্রেতা রকিবুল মাতুব্বর ও জুবায়ের। এ সময় বেলুন কিনতে আসা শিশু আফনানও গুরুতর আহত হয়। বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারের একটি অংশ ছিটকে ২০০ মিটার দূরে হেমায়েত বয়াতির বাড়িতে গিয়ে পড়ে। এ সময় তাঁর স্ত্রী হাওয়া বিবিও গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হঠাৎ খুব জোরে শব্দ হয় আর পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। দৌড়ে এসে দেখি দুজনের হাঁটুর নিচ থেকে পা নেইঘটনার প্রত্যক্ষদর্শী আসাদুল ব্যাপারী
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরণে নিহত ওই বেলুন বিক্রেতার দুই পাসহ শরীরে মারাত্মক জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের একটি করে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আসাদুল ব্যাপারী বলেন, ‘আমি পুকুরপাড়ের রাস্তায় দাঁড়ানো ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ হয় আর পুকুরপাড়ের বাগান থেকে ধোঁয়া বের হতে দেখি। দৌড়ে এসে দেখি দুজনের হাঁটুর নিচ থেকে পা নেই। দুজনের ঘাড় আর কানের দিকে থেকে রক্ত বের হচ্ছে। পরে তাঁদের ভ্যানে করে হাসপাতালে পাঠাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, শংকরদি এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনকে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।