ভোট গ্রহণ চলছে মেহেরপুরে, ইভিএমে ভোট গ্রহণে বিলম্ব

কেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। আজ সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

মেহেরপুরে একটি পৌরসভাসহ চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবশে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ইভিএমে ভোট গ্রহণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোতাছিম বিল্লাহ। এ ছাড়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর, শ্যামপুর—এই চার ইউপিতে চেয়ারম্যান পদে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে তুলনামূলকভাবে পুরুষ ভোটারদের সারিতে তেমন জটলা দেখা যায়নি। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে পারছেন না। এ কারণে ভোট গ্রহণে ধীরগতি সৃষ্টি হয়েছে।

পৌরসভার ফৌজদারি পাড়ার বাসিন্দা হারেজন খাতুন বলেন, ‘সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো ভোট দিতে পারিনি। একজন ভেতরে ঢুকলে ভোট দিতে অনেক সময় লাগছে।’
ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এ এইচ এম কামাল বলেন, অনেক ভোটারের জন্য ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন

পৌর প্রাথমিক বিদ্যালয় ১৪ নম্বর কেন্দ্রেও নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সেখানে পুরুষ ভোটারদের সারিটি একেবারে শূন্য ছিল।

পৌর শহরের বড় বাজার এলাকার বাসিন্দা তানজিলা খাতুন বলেন, এবারে নির্বাচনের পরিবেশ খুব ভালো। সবাই নিজের ইচ্ছামতো ভোট দিতে পারছেন।

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাখায়েতউল ইসলাম বলেন, মেহেরপুর পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএম যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তাই ভোটদানে সময় বেশি লাগছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৪ হাজার ৭৮৪ ভোটার আছেন। মোট ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর ও শ্যামপুর ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন ও সাধারণ সদস্য পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার বলেন, পৌরসভা ও ইউপি—দুই নির্বাচনেরই পরিবেশ ভালো। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।