ভোট শুরুর সাড়ে ১১ ঘণ্টা আগে স্থগিত হলো টাঙ্গাইলের আরও একটি ইউপি নির্বাচন

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় নির্বাচন কমিশন থেকে চিঠি এল। তাতে জানানো হলো, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

ভোট শুরু হওয়ার সাড়ে ১১ ঘণ্টা আগে ভোট গ্রহণ স্থগিতের খবরে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে দুপুরে একই উপজেলার হেমনগর ও মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ ছাড়া গত রোববার মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। ফলে নবম ধাপে টাঙ্গাইলের ২২টি ইউনিয়নের মধ্যে চারটিতে ভোট গ্রহণ হচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ঝাওয়াইল ইউনিয়নের সীমানা–সংক্রান্ত জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার উচ্চ আদালত আদেশ দেন। আদালতের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে দুপুরে গোপালপুরের হেমনগর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

কামরুল হাসান আরও বলেন, ভোটার তালিকা নিয়ে জটিলতা থাকায় মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন এবং আওয়ামী লীগের এক নেতার বক্তৃতা ও হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন রোববার স্থগিত করেছে।