
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের মদনবাড়ির দরজা এলাকায় গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ দুর্ঘটনায় মো. নীরব হোসেন (৩২) নামের এক বেলুন বিক্রেতা ও মো. হাসনাইন আহমেদ (১৮) নামের এক ক্রেতা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বাটামারা গ্রামে বার্ষিক ওয়াজ মহাফিল চলছিল। সেখানে বেলুন বিক্রি করতে যান নীরব। মাহফিলের শেষ দিকে বেলুন বিক্রেতা মাহফিল এলাকা থেকে বের হয়ে প্রায় এক কিলোমিটার দূরে মদনবাড়ি এলাকায় যান। সেখানে সিলিন্ডারের গ্যাস দিয়ে ফুলিয়ে বেলুন বিক্রি করছিলেন। তাঁকে ঘিরে ছিলেন বেশ কয়েকজন ক্রেতা। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই নীরব মারা গেছেন। হাসনাইনের পরিবারের কোনো অভিযোগ নেই। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।