মঠবাড়িয়ায় ইয়াবা ব্যবসার দায়ে মা–মেয়ের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইয়াবা ব্যবসার দায়ে মা ও মেয়েকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মাকে তিন বছর ও মেয়েকে পাঁচ বছরের কারাণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লার মো. রত্তন হাওলাদারের স্ত্রী নূরজাহান বেগম (৫৩) ও মেয়ে আসমা আক্তার (২১)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ অক্টোবর বিকেলে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী মহল্লায় স্লুইসগেট এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নূরজাহান ও তাঁর মেয়ে আসমা গ্রেপ্তার হন। এ সময় তাঁদের তল্লাশি করে ৫০০টি ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা ও মেয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই আবদুল জলিল হাওলাদার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহিরুল ইসলাম।