মতলব উত্তরে কুকুরের কামড়ে পাঁচ ঘণ্টায় ১৫ জন আহত

চাঁদপুর জেলার মানচিত্র
চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার আদুরভিটি, ছেংগারচর, দেওয়ানজিকান্দি ও জীবগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি, ছেংগারচর, দেওয়ানজিকান্দি ও জীবগাঁও গ্রামে সাত-আটটি বেওয়ারিশ কুকুর হঠাৎ প্রবেশ করে। গ্রামে ঢুকেই এসব কুকুর রাস্তায় ও বাড়িতে থাকা লোকজনের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি কামড়িয়ে রক্তাক্ত জখম করে। এ সময় এসব গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, কুকুরগুলোর কামড়ে আহত হয় ছেংগারচর গ্রামের শিশু তৃপ্তি (৬) ও ফাতেমা আক্তার (৭); আদুরভিটি গ্রামের আয়েশা আক্তার (৫), মিম আক্তার (৫), সাকিব মিয়া (৯), আহিভা আক্তার (৭), লামিয়া আক্তার (১০), লুব হোসেন সরদার (৬০), ফারুক মিয়া (৩২), শাহিনা আক্তার (৪), মৌসুমি আক্তার (৫) ও লোবচাম সরদার (৬০); দেওয়ানজিকান্দি গ্রামের নাফিজা আক্তার (৫) এবং জীবগাঁও গ্রামের নূর মোহাম্মদ (৮৫)। এ ছাড়া আদুরভিটি গ্রামের নাম না জানা আরও এক শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে।

গুরুতর আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে আয়েশা, তৃপ্তি, মিম, নাফিজা ও নূর মোহাম্মদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও গ্রামের লোকজন। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি ১০ জনকে স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শিশু নাফিজা আক্তারের মা সুফিয়া বেগম বলেন, তাঁর মেয়ে সকাল ১০টায় বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। হঠাৎ দু-তিনটি কুকুর তাঁর মেয়ের ওপর হামলে পড়ে। মেয়েটির পা, হাত ও কোমরে এলোপাতাড়ি কামড়াতে থাকে। আশপাশের লোকজনকেও আক্রমণ করে ওই পাগলা কুকুরগুলো। মেয়ের চিৎকার শুনে তিনি ও আশপাশের লোকজন সেখানে এলে কুকুরগুলো দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁর মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। তিনি অভিযোগ করে বলেন, কুকুর নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এদের উপদ্রব বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েল প্রথম আলোকে বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত পাঁচজনকে তাঁর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে। আহত তৃপ্তি নামের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ বলেন, পাগলা কুকুর নিয়ন্ত্রণে স্থানীয় পরিবেশ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে করণীয় পদক্ষেপ ঠিক করবেন। কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ সত্য নয়।