মদনে উপনির্বাচনে প্রায় ভোটারশূন্য কেন্দ্র

নেত্রকোনার মদনে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রায় ভোটারশূন্য মদন তিয়শ্রী ইউনিয়নের বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আজ সকাল সাড়ে ১২টার দিকে
ছবি: প্রথম আলো

নেত্রকোনার মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অন্তত ৮টি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, খুব কমসংখ্যক ভোটার ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।

আজ সকাল ৯টা থেকে উপজেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেলে চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোট দেন। ভোটারবিহীন কেন্দ্রগুলোয় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অলস সময় পার করেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ জানান, ভোটারদের উপস্থিতি অনেক কম ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে মদন সদর ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাত্র ৯১ জন ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে ভোটার ১ হাজার ৯২৩ জন।

উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন।

দুপুর ১২টার দিকে তিয়শ্রী ইউনিয়নের বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে ১০ জন ভোটার উপস্থিত। ওই সময় পর্যন্ত ২১০ জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সানোয়ার হোসাইন জানান, ওই কেন্দ্রে ২ হাজার ১২০ ভোটার রয়েছেন। ওই কেন্দ্রসংলগ্ন কুটুরীকোনা গ্রামের ভোটার মাসুদ মিয়া বলেন, আজ সকালে পুলিশ দেখে জানতে পারেন উপনির্বাচন হচ্ছে। তবে কোনো প্রার্থী তাঁদের কাছে এসে ভোট চাননি। কত জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন, তা–ও জানা নেই। তাই তখনো ভোট দিতে কেন্দ্রে যাননি বলে জানান তিনি।

বেলা একটার দিকে মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের তেমন উপস্থিতি নেই। ওই সময় পর্যন্ত ৩০০ জনের মতো ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী জানান, তাঁর কেন্দ্রে প্রায় চার হাজারের মতো ভোটার রয়েছেন।

প্রায় ভোটারশূন্য মদন সদর ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আজ সকাল সাড়ে ১০টার দিকে

স্থানীয় সূত্র জানায়, মদন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মদন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন (উড়োজাহাজ প্রতীক), মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হারেছের ছেলে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ সোহাগ (মাইক প্রতীক), আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন খান (চশমা প্রতীক) ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন (তালা প্রতীক)।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা তাঁতী লীগের সভাপতি তোফায়েল আহমেদ জয়ী হন। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২০২১ সালের ৭ ডিসেম্বর পদত্যাগ করেন। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়। উপজেলার ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৭ জন।