
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে ২ শিশুসহ ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত এই রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিট না পেয়ে অনেকেই হাসপাতালের বারান্দা ও মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বলেন, গতকাল মহেশখালী পৌর এলাকার ইয়ার মোহাম্মদপাড়ার একটি বিয়ের দাওয়াতে যান তাঁরা। ওই অনুষ্ঠানে খাবার খাওয়ার পর অনেকের পেটব্যথা শুরু হয়। পরে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিতে তাঁরা হাসপাতাল আসেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুল বাশার প্রথম আলোকে বলেন, গতকাল রাত ২টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২ শিশুসহ ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, বিয়ের খাবারের বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ভর্তি হওয়া রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।