
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হুমায়ূন শেখ (৩৮)। তিনি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের সাদি শেখের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, হুমায়ূন শেখ বাইসাইকেল চালিয়ে পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুরে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কদমপুর ব্রিজের কাছে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে সাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাইকেল আরোহী হুমায়ূন শেখ এ সময় পাশের গর্তে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।