
মাকে হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ বারেক (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকালে চট্টগ্রামে নগরের চকবাজার থানার সিরাজদৌল্লাহ রোডে এ দুর্ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, নগরের একটি হাসপাতালে মাকে কেমোথেরাপি দেওয়ার জন্য নিয়ে যান বারেক। মা মনোয়ারা বেগমকে হাসপাতালে রেখে নগরের বাকলিয়ার বাসায় ফিরছিলেন মোটরসাইকেল যোগে। চট্টগ্রাম কলেজের পূর্ব গেটের সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় বারেকের। মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।
নিহত বারেক সাতকানিয়া থানার মাহবুবুল আলমের ছেলে। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।