মাদারীপুরে সাবেক অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ডাকাত দলটি ৪৫ ভরি সোনা, আলমারিতে রাখা ৫ লাখ ৬০ হাজার টাকা ও ৩টি মুঠোফোন নিয়ে যায় বলে বাড়ির লোকজন দাবি করেছেন
ছবি: প্রথম আলো

মাদারীপুরে খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দলটি বাড়ির শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করেছে। আজ শনিবার ভোররাতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম ওই বাড়িতে থাকেন।

তবে সৈয়দ সাদিক শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকায় চিকিসাধীন। এ ছাড়া তাঁর তিন ছেলে চাকরির সুবাদে ঢাকা ও চট্টগ্রামে থাকেন। ওই বাড়িতে বর্তমানে সৈয়দ সাদিকের তিন ছেলের স্ত্রী ও নাতি-নাতনীরা বসবাস করেন। আজ ভোররাত চারটার দিকে ওই বাড়ির জানালার গ্রিল কেটে ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে।

সৈয়দ সাদিকের পুত্রবধূ ইসরাত জাহান বলেন, ‘প্রথমে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দলটি বাড়ির ভেতরে ঢোকে। পরে পাশের রুমে থাকা আমার মামাতো ভাই লিয়নের মুখ ও হাত-পা বাঁধে। এরপর ৬ জন ডাকাত একসঙ্গে ধাক্কা দিয়ে আমাদের রুমের দরজা ভেঙে ভেতরে চলে আসে। আমাদের বাচ্চাদের গলায় দা ধরে সোনা আর টাকা বের করে দিতে আমাদের বাধ্য করে।’ ডাকাত দলটি তাঁদের ৪৫ ভরি সোনা, আলমারিতে রাখা ৫ লাখ ৬০ হাজার টাকা ও ৩টি মুঠোফোন নিয়ে যায় বলে ইসরাত জাহান দাবি করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত করছে। বেশ কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দেওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।