
খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে মো. নয়ন হোসেন (১৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষাথী। এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় একটি মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা বাড়িতে শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে নয়ন হোসেন। এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এলে নয়ন হোসেন পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা নয়নকে আটক করে রাত ১১টার দিকে পুলিশে সোপর্দ করে। অসুস্থ অবস্থায় শিশুটিকে মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় গতকাল রাত ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় একটি মামলা করেন। আসামিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।