মানুষের যত্ন পাওয়া উল্লুকটি অবমুক্তের পরও ফিরে আসছে বারবার

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্পে মঙ্গলবার অবমুক্তির পর উল্লুকটি ছোটাছুটি করছিল
ছবি: প্রথম আলো

দুই দিন আগে উল্লুকটিকে মুক্ত করে দেওয়া হয়েছে। বনে যাওয়ার আগে কিছুক্ষণ ছোটাছুটি করেছে। একসময় গাছে চড়ে বনের ভেতর চলেও গেছে। কিন্তু মানুষের কাছাকাছি থাকার দীর্ঘদিনের বন্ধনকে যেন ছিন্ন করতে পারছিল না। যেখানে সেবা-শুশ্রূষা পেয়েছে, আদর-যত্নেœছিল, সেখানে আবার ফিরে এসেছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে এ ঘটনা ঘটেছে। রেসকিউ সেন্টারের কর্মীরা তাঁকে ফলমূল দেওয়ার পর খাওয়া শেষে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যায় প্রাণীটি। এরপর আবার ফিরে আসে, খাবার খেয়ে আবার চলে যায়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ছয়টি বন্য প্রাণী গত মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প এলাকায় অবমুক্ত করা হয়েছে। এগুলো এতদিন লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী রেসকিউ সেন্টারে ছিল। এর মধ্যে ছিল একটি উল্লুক। উল্লুকটিকে অবমুক্ত করা হলে সেটি যেতে চায়নি। বারবার ফিরে এসে রেসকিউ সেন্টারের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। একপর্যায়ে রেসকিউ সেন্টারের দরজার গ্রিল বন্ধ করে দিতে হয়েছে। অনেকক্ষণ রেসকিউ সেন্টারের আশপাশের গাছে ছোটাছুটি করেছে ও চিৎকার-চেঁচামেচি করেছে উল্লুকটি। পরে এক সময় বনের ভেতর হারিয়ে গেছে। কিন্তু এরপরও রেসকিউ সেন্টারে ফিরে এসেছে উল্লুকটি। আজ বৃহস্পতিবারও জানকিছড়া ক্যাম্প এলাকায় এসেছে উল্লুকটি। এ সময় তাকে খাওয়ানো হয়েছে কলা, গাজর, শসা। খাবার খেয়ে আবার চলে গেছে। এই উল্লুকটিকে গত ২৩ মে জানকিছড়াতে পাঠিয়েছিল খুলনা থেকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক সংঘ (আইইউসিএন) বাংলাদেশের লাল তালিকা অনুযায়ী উল্লুক বাংলাদেশে অতিবিরল স্তন্যপায়ী মহাবিপন্ন একটি প্রাণী। উল্লুক সাধারণত ফল খায় আর উঁচু গাছে বাস করে। গাছে গাছেই এদের সারা জীবন কেটে যায়। মাটিতে নামার ঘটনা খুবই কম। বনমানুষ, নরবানর, হুতু বান্দর বা কালা বান্দর নামেও এর পরিচিত আছে। এরাই এ দেশের একমাত্র লেজবিহীন বানর। ইংরেজি নাম ওয়েস্টার্ন হুল্লুক গিবন বা হোয়াইট-ব্রাউড গিবন। বৈজ্ঞানিক নাম Hoolock hoolock। বাংলাদেশ ছাড়া ভারত ও মিয়ানমারেও উল্লুক দেখা যায়।

উল্লুকটি ছাড়াও মঙ্গলবার দুটি ময়না পাখি, দুটি টিয়া পাখি, একটি ভূবন চিল অবমুক্ত করা হয়েছে। জানকিছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে আরও চারটি লজ্জাবতী বানর, দুটি ভূবন চিল ও একটি চিল আছে। এগুলো সুস্থ, স্বাভাবিক হয়ে ওঠলে অবমুক্ত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, উল্লুকটি ছাড়ার পর আবার সেন্টারে ঢুকে যেতে চেয়েছে। আজ জানকিছড়া রেসকিউ সেন্টারের আশেপাশে এসেছে। তাঁকে খাবার দেওয়া হয়েছে। খাবার খেয়ে আবার গাছে উঠে গেছে। ছোটবেলা থেকেই ওটা মানুষের কাছাকাছি ছিল। তাই বনে অভ্যস্ত হতে সময় নিচ্ছে। আবার আসলে বুনো ফল ডুমুর, ডেউয়া, জাম ইত্যাদি দেওয়া হবে যাতে বনের খাবারে অভ্যস্ত হয়ে উঠতে পারে।