
ছোট্ট সন্তানদের বুকে চেপে হাউমাউ করে কাঁদছেন, আর দুই হাত মাটিতে চাপড়াচ্ছেন মজিদা বেগম। বিলাপ করে বলছিলেন, ‘এল্যা মোর কী হইবে? এল্যা মোর মাসুম বাচ্চা দুইটাক কায় দেখপে? কায় ওদের খাওয়ার দিবে? পড়ার খরচ কোনঠে পাইম?’
গতকাল বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে মজিদা বেগমের স্বামী ছেয়াদুল ইসলাম নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক ছেয়াদুল ইসলামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে ছেয়াদুলের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মজিদা বেগমের করুণ আর্তনাদ দেখা যায়।
গতকাল বিকেলে ছেয়াদুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়কের শলেয়া শাহ বাজারের হামিদ ফুড প্রোডাক্টস লিমিটেডের সামনে পৌঁছালে সৈয়দপুরগামী একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছেয়াদুল ইসলামসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় ছয়জন গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন তারাগঞ্জ উপজেলার অটোরিকশাচালক ইকরচালী ইউনিয়নের ছুট হাজীপুর গ্রামের ছেয়াদুল ইসলাম, হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুয়াবাদ গ্রামের আমজাদ হোসেন (৪০), বড় জুম্মাপাড়া গ্রামের আম্বিয়া বেগম (৬০), গঙ্গাচড়া উপজেলার খাফ্রিখাল গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০) ও তাঁর স্ত্রী নাজমা বেগম (২৭)।
নিহত ছেয়াদুলের বাড়ি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ছুট হাজীপুর গ্রামে। ছেয়াদুলের ছেলে মানিক হোসেনের বয়স ১০ বছর আর মেয়ে সুমাইয়া আক্তারের বয়স ৬ বছর। দুই সন্তানকে নিয়ে ছেয়াদুলের অথই সাগরে পড়েছেন। ছেয়াদুল আগে জুতা বিক্রি করতেন। তবে ওই ব্যবসায় তেমন লাভ না হওয়ায় তিন মাস আগে তিনি ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। ছেয়াদুলের আয়ের ওপর নির্ভর করেই সংসার চলত।
ছেয়াদুলের প্রতিবেশী বিপ্লব হোসেন বলেন, ‘পেট ঘাউয়া মানুষের যত বিপদ। ছোট দুইটা বাচ্চা নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে পরিবারটি। কীভাবে এ সংসার চলবে! পরিবারের একমাত্র আয় করা ছেয়াদুল এখন লাশ হয়ে শুয়ে আছে। স্ত্রী-সন্তানেরা কী খাবে, কীভাবে বাঁচবে, ওপর আল্লায় জানে।’
ইকরচালী ইউনিয়নের ইউপি সদস্য তাজউদ্দিন বলেন, ভিটামাটি ছাড়া ছেয়াদুলের কিছু নেই। তাঁর দুটি শিশুসন্তান আছে। পেট চালাতে গিয়ে ছেয়াদুল সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এটা খুবই দুঃখজনক। এখন তাঁর অবর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।