মিরসরাইয়ে গাড়িচাপায় দুই হরিণের মৃত্যু

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়িচাপায় দুটি হরিণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর হরিণ দুটি মৃত পড়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে আজ শুক্রবার দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটিচাপা দেন বন বিভাগের মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।

এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা প্রথম আলোকে বলেন, উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়িচাপায় দুটি হরিণ মরে পড়ে আছে, স্থানীয় ব্যক্তিদের দেওয়া এমন খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খাবার ও মিষ্টিপানির জন্য রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে রাস্তায় গাড়িচাপা পড়ে হরিণ দুটি। মারা যাওয়া (স্ত্রী) হরিণ দুটির বয়স ১০ বছর হবে। উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হরিণ দুটি মাটিচাপা দেওয়া হয়েছে।