মিরসরাইয়ে ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

ট্রাকের চাপায় দুমড়ে–মুচড়ে যায় অটোরিকশা। মঙ্গলবার দুপুরে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে করেরহাট-রামগড় সড়কে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পাথরবাহী ট্রাক আর যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে করেরহাট-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মো. ইউসুফ (৩৫) ও যাত্রী মো. রুবেল (৩০)। ইউসুফ করেরহাট ইউনিয়নের উত্তর অলিনগরের ও রুবেল ফরেস্ট গেট ঘেড়ামারা এলাকার বাসিন্দা ছিলেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ বেলা দেড়টার দিকে পাথরবাহী দ্রুতগতির একটি ট্রাক খাগড়াছড়ির রামগড়ের দিকে যাচ্ছিল। পথে নাহার অ্যাগ্রোর সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন।

করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দীন বলেন, অপ্রশস্ত রাস্তায় ট্রাক ও অটোরিকশা দুটির অতিরিক্ত গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। নাহার অ্যাগ্রোর সামনে করেরহাট-রামগড় সড়কের এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন।