
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. মদিন উল্লাহ (৭৫) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মিরসরাইয়ের মিঠাছড়া বাজার বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মদিন উল্লাহ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত রওশন জামানের ছেলে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ও জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার বাইপাসে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস মদিন উল্লাহকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই পথচারীর লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক টিটু দত্ত প্রথম আলোকে বলেন, মদিন উল্লাহ শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।