
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের ওপর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।
ওই গৃহবধূর নাম মোছাম্মৎ আক্তার (৪০)। তিনি মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মো. জসীমের স্ত্রী।
জোরারগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ জানায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আক্তারের লাশ পড়েছিল। পরে স্থানীয় লোকজন লাশটি দেখে হাইওয়ে থানা–পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারা তানভীর প্রথম আলোকে বলেন, বেলা ১১টার কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয় লোকজন মুখ থেঁতলানো এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে মোছাম্মৎ আক্তার বাড়ি থেকে করোনা টিকার দেওয়ার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় মোছাম্মৎ আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।