মেহেরপুরে আবারও পৌর মেয়র হলেন মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান
ছবি: সংগৃহীত

মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে আবারও জয়ী হয়েছেন মাহফুজুর রহমান। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১৫ হাজার ৪২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার ২৬৪ ভোট।

অন্যদিকে মেহেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের তিনজন নির্বাচিত হয়েছেন। অপর ইউপিতে বিজয়ী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী। উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর, শ্যামপুর ইউপিতে নির্বাচন হয়। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ২০ জন।

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সদরের তিন ইউপিতে নৌকার বিজয়ীরা হলেন, বারাদীতে মোমিনুল ইসলাম, পিরোজপুরে আবদুস সামাদ ও আমঝুপিতে বোরহান উদ্দিন। নবগঠিত শ্যামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মতিয়ার রহমান জয়ী হয়েছেন।

আজ বুধবার দুপুরের মধ্যেই মেহেরপুর পৌরসভার ২০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে। পাড়ামহল্লার চায়ের দোকানগুলোয় নির্বাচনী আমেজ ছিল।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৪ হাজার ৭৮৪ ভোটার। ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে সদর উপজেলার চার ইউপিতে সংরক্ষিত নারী সদস্যপদে ৫৩ ও সাধারণ সদস্যপদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।