
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হৃদয় হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো ভাই রিফাত হোসেন (১১) আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে লোকনাথপুর পেট্রলপাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর পূর্ব পাড়ার একরামুল হকের ছেলে ও লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহত হৃদয় হোসেনের বাবা একরামুল হক সাংবাদিকদের জানান, হৃদয় হোসেন সকালে চাচাতো ভাই রিফাতকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল। মোটরসাইকেলটি স্থানীয় পেট্রলপাম্পের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হৃদয় মারা যায় ও রিফাত আহত হয়। রিফাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্র হৃদয় হোসেনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।