
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ, গাজীপুর ও সুনামগঞ্জের একজন করে আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এ হাসপাতালে।
ময়মনসিংহ সদরের হিমেল (৩০), সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রমিসা (৬৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার লেহাজ উদ্দীন (৭০) করোনার নানা উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জনসহ আজ সকাল পর্যন্ত ৯৯ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে নয়জন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৪৬। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন। জেলায় করোনায় এখন পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে।