
দিনাজপুর পৌরসভায় মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করা হয়। বরখাস্তের কারণ হিসেবে প্রশাসনিক কাজে অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার, কর্মচারী নিয়োগে অনিয়মসহ সুনির্দিষ্ট নয়টি অভিযোগ আনা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করছেন। তিনি রংপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। এর আগেও মন্ত্রণালয় থেকে দুইবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
প্রজ্ঞাপনে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে পৌরসভার হাটবাজার ইজারার টাকা অনাদায় এবং আদায়ে পদক্ষেপ গ্রহণ না করা, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ছাড়াই ২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার টেন্ডার করা, পৌরনীতিমালা অনুসরণ না করে মাস্টাররোলে ১৯৩ জন কর্মচারী নিয়োগ, ব্যাটারিচালিত ইজিবাইক নিবন্ধনে প্রাপ্ত আয় অন্য খাতে ব্যয় করা, ৬১টি বিলবোর্ডের ভাড়ার টাকা আদায় না হওয়া, ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারা এবং পৌর ভবন নির্মাণের বরাদ্দকৃত ৩৮ লাখ টাকা অন্য খাতে ব্যয়। আর এর মাধ্যমে মেয়র ক্ষমতার অপব্যবহার করেছেন বলে উল্লেখ করা হয়। এসব বিষয়ে বিভিন্ন সময়ে করা অনিয়ম ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মেয়রকে অপসারণ করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৩১ আগস্ট পৌরসভার ১০ জন কাউন্সিলর মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, পৌর কাউন্সিলরদের কথার গুরুত্ব না দিয়ে মেয়র খেয়ালখুশিমতো পৌরসভা চালাচ্ছেন। মাসিক সভা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভায় মাস্টাররোলের কর্মচারী না থাকা সত্ত্বেও বেতনভাতা উত্তোলন করেন মেয়র। মেয়রের অদক্ষতায় পৌরসভার সম্পত্তিও ব্যাহত হয়েছে বলে জানান তাঁরা।
সবশেষ গত বছর ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন–বিষয়ক মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান ও এ কে এম শাহাদত হোসেন লিখিত বক্তব্যে দিনাজপুর পৌরসভার ২৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়ার কথা জানান।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর পৌরসভা। ১৯৯০ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা লাভ করে। বর্তমানে ২৬.৫ বর্গকিলোমিটার আয়তনের পৌর এলাকায় ১২টি ওয়ার্ডে প্রায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস।
তৃতীয়বারের মতো বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মুঠোফোনে প্রথম আলোকে মেয়র বলেন, ‘এখনো চিঠি হাতে পাইনি। তবে বরখাস্তের বিষয়ে শুনেছি। আজকে আমি ছুটিতে আছি। একই বিষয়ে বারবার তদন্ত হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে দুদক তদন্ত করেছে এবং আমি অব্যাহতিও পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘দেড় কেজি চালের জন্য আমাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। এতেই পরিষ্কার হয় যে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ তিনি জানান, যেসব অভিযোগ আনা হয়েছে, এগুলো আত্মসাতের কোনো ঘটনা নয়। যেহেতু পৌরসভার আয় কম, সেহেতু এক খাতের অর্থ অন্য খাতে খরচ হবে, এটাই স্বাভাবিক।