
যশোর শিশু হাসপাতাল থেকে আট দিনের এক নবজাতক চুরি হয়েছে। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মা ও নানির কাছ থেকে কৌশলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।
চুরি যাওয়া নবজাতকটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান। তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। গত ২৭ ফেব্রুয়ারি জেলার কালীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান। জন্মের পরপরই অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য যশোর শহরতলির খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে আজ দুপুরে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবা মেহেদী হাসান তাঁর সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইরে একটি ভাড়া গাড়ি আনতে যান। তখন মা ও নানি বাড়িতে যাওয়ার জন্য গোছগাছ করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক নারী তাঁদের কাছে আসেন। ওই নারী শিশুটিকে তাঁর কোলে দিয়ে তাঁদের গোছাতে বলেন। শিশুটিকে কোলে নিয়ে তিনি কিছু সময় পাশে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই নারী। নবজাতকের মা ও নানি ওই নারীকে আর খুঁজে পাননি। পরে বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
যশোর শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ নূর ই হামীম বলেন, বিষয়টি জানার পরই হাসপাতালের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে কোলে নিয়ে দু–চার মিনিট আশপাশে ঘোরাঘুরির পর নেমে রাস্তার বাঁ দিকে চলে যাচ্ছেন। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই যশোর পুলিশের একাধিক টিম হাসপাতালে পৌঁছায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।