যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি এক কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন। এস এম এমরান (৩০) নামের ওই ব্যক্তি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অধীন নেত্রকোনার মদন উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা হিসেবে কাজ করেন। এ ঘটনায় তাঁর প্রথম স্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা ওই নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চান্দেরবাগ গ্রামের বাসিন্দা এস এম এমরান। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। চাকরির সুবাদে এমরান নেত্রকোনার মদন পৌরসভার দেওয়ান বাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। মাস তিনেক আগে থেকে এমরান তাঁর স্ত্রীর কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে আসছেন। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করতেন এবং মানসিকভাবে হেনস্তা করতেন। সম্প্রতি তিনি স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। কিন্তু স্ত্রী এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এমরান প্রথম স্ত্রীর কথা গোপন রেখে গত ৬ জুন রংপুর এলাকার এক নারীকে বিয়ে করেন। এক সপ্তাহ আগে প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে এমরানকে জিজ্ঞেস করেন। একপর্যায়ে এমরান স্ত্রীকে বেধড়ক মারধর করে সন্তানসহ তাড়িয়ে দেন। পরে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন তাঁকে নারায়ণগঞ্জ নিয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী নারী প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর চাহিদামতো যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রতিবাদ করতে গেলে তালাক ও মেরে ফেলার হুমকি দেন। পরে জানতে পারি গোপনে তিনি এক নারীকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে চাইলে আমাকে অমানুষিক নির্যাতন করে সন্তানসহ ঘর থেকে বের করে দেন। আমার ছোট দুটি মেয়ের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করেছিলাম। নিরুপায় হয়ে এখন ডিসি মহোদয়ের কাছে অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এস এম এমরানের মুঠোফোনে গতকাল বিকেল পাঁচটা থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত একাধিকবার ফোন করেন এ প্রতিবেদক। তবে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এস এম এমরানের বিরুদ্ধে তাঁর সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।

জেলা প্রোগ্রামার কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ বলেন, ‘স্ত্রীকে মারধর ও গোপনে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি এমরানের স্ত্রী আমাকে মুঠোফোনে জানিয়েছেন। পরে আমি এমরানকে জিজ্ঞেস করলে তিনি নির্যাতন ও যৌতুক দাবির কথা অস্বীকার করেছেন। তবে দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন। দুটি সন্তান ও স্ত্রী রেখে বিয়ে করা কাম্য নয়। তাঁর বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।