রংপুরের পীরগাছায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩০) ওই গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। তিনি কুড়ারপাড় সেতু এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো শুরু করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র প্রথম আলোকে বলেন, কী কারণে দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।