রংপুরে কাল থেকে অনন্য স্বাদের হাঁড়িভাঙা আম পাড়া শুরু

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকায়
ছবি : প্রথম আলো

স্বাদে মানে এক অনন্য আম হাঁড়িভাঙা। আঁশবিহীন, মিষ্টি ও সুস্বাদু এই আমের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই বিশেষ বৈশিষ্ট্যের শুধু পাওয়া যায় রংপুরে।

অন্যান্যবারের চেয়ে এবার এই জাতের আমের ফলন ভালো। তাই আমচাষিদের মুখে হাসির ঝিলিক। গাছ থেকে আম সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। যেন আমবাগানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কাল বুধবার থেকে শুরু হচ্ছে হাঁড়িভাঙা আম পাড়া মৌসুম।

আমচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ফলন ভালো হওয়ায় আমচাষিরা বেশি দামে আম বিক্রি করার স্বপ্ন দেখছেন। মৌসুমের শুরুতে কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টির পরেও হেক্টরপ্রতি ১২ থেকে ১৫ টন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেড় শ কোটি টাকা বেচাবিক্রি হতে পারে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ ও চাষিরা আশা করছেন।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, রানীপুকুর, বলদিপুকুর, পদাগঞ্জসহ এর আশপাশ এলাকায় প্রতিবছরের মতো এ বছরও হাঁড়িভাঙা আমের চাষ হয়েছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে এসব আমবাগান। চাষিদের নিবিড় পরিচর্যায় অন্যবারের চেয়ে এবার আম চাষ কম হলেও ফলন ভালো হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আমচাষি মোরসালিন ইসলামের গত বছরের মতো এ বছরও প্রায় ১০ একর জমির ওপর আমবাগান। তিনি বলেন, ‘প্রথম দিকে ঝড়বৃষ্টি হলেও আমের ফলন একেবারে খারাপ হয়নি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসছেন। আশা করছি ভালো দাম পাওয়া যাবে।’

হাঁড়িভাঙা আমের জন্য প্রসিদ্ধ এলাকা পদাগঞ্জ। এই নামে গ্রামে একটি হাট রয়েছে। পদাগঞ্জ এলাকার আমচাষিরা সাধারণত বাগান বিক্রি করেন না। তাঁরা প্রতিদিন গাছ থেকে আম পেড়ে পদাগঞ্জ হাটেই বিক্রি করেন। দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখানে সরাসরি এসে আম কিনে থাকেন। এভাবে প্রতিদিন হাটে আম বিক্রি করলে চাষিরা লাভবান বেশি হন।

পদাগঞ্জ এলাকার বাসিন্দা আতাউর রহমানের তিন একর জমিতে আমবাগান। গত বছর একই জমি থেকে উৎপাদিত আম বিক্রি করেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকায়। তিনি বলেন, ‘করোনা মহামারির সময় আমাদের চাষিদের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। এখন সেই অবস্থা নেই। খুব ভালো ব্যবসা হবে এমনটাই আশা করছি।’

একই এলাকার আমচাষি জাহাঙ্গীর আলম দুই একর ও মোস্তাফিজার রহমান চার একর জমিতে আম চাষ করেছেন। তাঁরা বলেন, ‘মৌসুমের শুরুতে ঝড়বৃষ্টি হলেও এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে। তবে বৃষ্টি হলে তেমন একটা ক্ষতি হবে না আমবাগানের। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যববসায়ীরা ছুটে আসছেন।’

প্রতিটি আমের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত। এ বছর ১৫০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে হাঁড়িভাঙা আম দেশের চাহিদা মিটিয়ে এবারও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

আমচাষি, ব্যবসায়ী ও কৃষি সম্প্রাসারণ বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি আমের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত। এ বছর ১৫০ কোটি টাকার আম বিক্রির আশা করা হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে হাঁড়িভাঙা আম দেশের চাহিদা মিটিয়ে এবারও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান বলেন, গত বছরের চেয়ে চলতি বছর ৬১৩ হেক্টর জমিতে কম আম চাষ হলেও ফলন ভালো হয়েছে। হেক্টরপ্রতি ১২-১৫ টন আম পাওয়া যাবে। এবার ১ হাজার ৮৮৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছর ২ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল।

ওবায়দুর রহমান আরও বলেন, জুনের মাঝামাঝি সময়ের আগে বাজারজাত না করায় আম পরিপক্ব হয়েছে। এতে আমের প্রকৃত স্বাদ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।