
রংপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের সাতমাথা বালাটারি এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল করিম (৭৫)। তাঁর বাড়ি নগরের সাতমাথা বালাটারি এলাকায়।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, রংপুর নগরের সাতমাথা বালাটারি এলাকায় একটি উন্মুক্ত রেলগেট হেঁটে পার হওয়ার সময় কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেনটি আবদুল করিমকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান। বয়স্ক লোক হওয়ায় ওই ব্যক্তি ট্রেন আসার শব্দ হয়তো বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।
রংপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শঙ্কর গাংগুলি বলেন, দুর্ঘটনাস্থলের গেটটি রেলওয়ে কর্তৃপক্ষের নয়, তাই সেখানে রেলওয়ের কোনো নিরাপত্তারক্ষী নেই।
পরিবারের কোনো দাবি না থাকায় আবদুল করিমের স্ত্রী আনোয়ারা বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।