রংপুরে বিসিএস পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইসসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।

ওই পরীক্ষার্থীর নাম মোহাম্মদ মাহফুজ (২৮)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের আবদুল আজিজ খন্দকারের ছেলে। তবে মোহাম্মদ মাহফুজ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বাস করতেন।

পুলিশ জানায়, পরীক্ষা শুরুর আগমুহূর্তে বৃষ্টি শুরু হওয়ায় পরীক্ষার্থীরা ছোটাছুটি করছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাহফুজ বিশেষ একধরনের ইলেকট্রনিক ডিভাইস ও মুঠোফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়েন। পরে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও ওই ডিভাইস ব্যবহার করার সময় কক্ষে দায়িত্বরত শিক্ষক বিষয়টি দেখে ফেলেন। তাঁকে আটক করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী প্রথম আলোকে বলেন, আটকের সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি স্মার্টফোন, দুটি সিম, একটি ইলেকট্রনিক ডিভাইস ও ব্লুটুথ ইয়ারফোন জব্দ করা হয়। এ ঘটনায় রংপুর সরকারি কলেজের সহকারী শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ওই শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে কীভাবে ডিভাইস নিয়ে প্রবেশ করলেন জানতে চাইলে হোসেন আলী বলেন, পরীক্ষা শুরুর আগে বৃষ্টি হচ্ছিল। ওই সময় সবাই নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন। এই সুযোগে সবাইকে ফাঁকি দিয়ে ওই পরীক্ষার্থী কেন্দ্রে ঢুকে পড়েছিলেন।