রাজধানীতে ফিরতে বাসের টিকিট পাচ্ছেন না রংপুরের যাত্রীরা

বাসের টিকিট না পাওয়ায় ঈদ শেষে ঢাকায় ফিরতে ভোগান্তিতে পড়েছেন রংপুরের যাত্রীরা
ছবি: প্রথম আলো

ঈদ শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে বাসের টিকিট পেতে ভোগান্তিতে পড়েছেন রংপুরের যাত্রীরা। টিকিটের জন্য যাত্রীরা হন্যে হয়ে ঘুরছেন কাউন্টার থেকে কাউন্টারে। বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে টিকিট নেই। এর কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে ফেরা নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন যাত্রীরা।

ঈদের আগে রংপুর থেকে ঢাকার এবং ঈদের পর ঢাকা থেকে রংপুরের তেমন একটা যাত্রী থাকে না বলে লোকসান গুনতে হয় বাসমালিকদের। এ অবস্থায় কাটিয়ে উঠে বাস মালিকরা ঈদের পরবর্তী সাত দিনের টিকিট অগ্রিম বিক্রি করে দিয়েছেন। এছাড়াও আগের চেয়ে ঢাকাগামী যাত্রী বাড়লেও পরিবহনগুলো গাড়ির সংখ্যা বাড়ায়নি। আগামী মঙ্গলবার পর্যন্ত টিকিট ফুরিয়ে গেছে বলে অধিকাংশ বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার সকালে নগরের কামারপাড়া বাসস্ট্যান্ডে টিকিটের জন্য আসা লোকজন অভিযোগ করেন, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো বাসেই ঢাকার টিকিট মিলছে না।

নগরের বুড়িরহাট এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকা যাবেন এজন্য চারটি টিকিটের প্রয়োজন। সকাল থেকে নানাভাবে চেষ্টা করছেন তিনি কিন্তু কোথাও মিলছে না টিকিট। তিনি বলেন, ‘টিকিটের বিড়ম্বনার জন্য ঈদ করতেই রংপুরে আসতে মন চাচ্ছিল না। এখন টিকিট পাচ্ছি না। এরপরও নানাভাবে চেষ্টা করছি।’

বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে টিকিট নেই। তবে বাস কাউন্টারের লোকজনের সঙ্গে যাঁদের সখ্য রয়েছে, তাঁদের অনেকেই টিকিট পেয়েছেন। এ বিষয়ে এসআর ট্রাভেলস কাউন্টারের একজন কর্মচারী বলেন, ঈদের আগে যাঁরা টাকা দিয়ে বুকিং দিয়েছিলেন, তাঁরা টিকিট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। নতুন করে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

নগরের সিও বাজার কেল্লাবন্দ এলাকার বাসিন্দা একরামুল হক অভিযোগ করে বলেন, ‘পরিচিতজনের মাধ্যমে ভিন্ন পথে প্রতি টিকিটে ২০০ টাকা বেশি দিলে টিকিট পাওয়া যাবে। সেটিও চেষ্টা করছি। আশা করি পেয়ে যাব।’

হানিফ পরিবহনের ব্যবস্থাপক হোসেন আলী বলেন, ‘দিন দিন মানুষ বাড়ছে। কিন্ত সে অনুপাতে গাড়ি বাড়েনি। যাত্রী সংখ্যা অনুযায়ী গাড়িও বাড়ানো হয়েছে। এরপরও চাপ কমছে না। এর কারণ এবার করোনা মহামারির পর অনেক বেশি মানুষ ঈদ করতে গ্রামে এসেছেন। তাই ঢাকায় ফিরে যেতে টিকিটের চাহিদা অনেক বেশি হয়েছে।’