
রাজশাহীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘটনায় তাঁর বাড়িসহ ৪৩ বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। গতকাল রোববার রাজশাহীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ওই ব্যক্তি ৩ এপ্রিল ঢাকা থেকে একটি ট্রাকে করে রাজশাহীর পুঠিয়ায় নিজের বাড়িতে ফেরেন। বাড়ি ফেরার পথে ট্রাকটি যে পেট্রল পাম্পে তেল নিয়েছে, সেই পাম্পটিও লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তির বয়স ৪৮ বছর। তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর আশপাশের বাড়ি, ট্রাকচালকের বাড়ি ও তাঁর আশপাশের বাড়ি, চালকের সহকারীর বাড়ি ও তাঁর আশপাশের বাড়ি গতকাল রোববার রাতে লকডাউন করা হয়েছে। ট্রাকচালক ট্রাকটি নিয়ে আবার ঢাকায় চলে গেছেন। ঢাকায় তিনি যেখানে আছেন, তাঁকে সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহীতে ১ এপ্রিল থেকে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল পর্যন্ত ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পুঠিয়ার এই রোগীর করোনাভাইরাস ধরা পড়ার মধ্য দিয়ে রাজশাহীতে প্রথম কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।
গতকাল রাতে রাজশাহীর সিভিল সার্জন তাৎক্ষণিক জানিয়েছিলেন, ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন। তবে আজ পুঠিয়া থানার ওসি প্রথম আলোকে নিশ্চিত করেন, ওই ব্যক্তি ঢাকার শ্যামলীর রিং রোডে ফুটপাতে দরজির কাজ করেন। সেখান থেকে ৩ এপ্রিল ট্রাকে করে বাড়ি ফেরেন তিনি। ৯ এপ্রিল পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়।