রাজশাহীতে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপির সমাবেশে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজশাহীর সাংবাদিকেরা মানববন্ধন করেন
ছবি: প্রথম আলো

রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৬ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নগরের ভুবনমোহন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিক ভাইদের সঙ্গে সমাবেশে আগত নেতা-কর্মীদের ভুল–বোঝাবুঝির কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য আমরা মহানগর বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সমাবেশের দিন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদও তাঁর বক্তব্যে দুঃখ প্রকাশ করেছে।’

সম্প্রতি পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেল থেকেই রাজশাহী বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন মিছিল নিয়ে ভুবনমোহন পার্কে প্রবেশ করে। সমাবেশের একপর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা ভিডিও ধারণ করতে গেলে বিএনপির নেতা–কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। এতে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন আক্তারুজ্জামান লেলিনের হাতের কবজির ওপরে একটি অংশ কেটে যায়। তাঁর ক্যামেরাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। পরে সাংবাদিকেরা সমাবেশ বর্জন করে চলে আসেন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজশাহীর সাংবাদিকেরা মানববন্ধন করেন। সেখানে বিএনপির মহানগর ও রাজশাহীর কমিটিকে তাঁরা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন সাংবাদিকেরা। এই সময়ে মধ্যে কোনো বিবৃতি বা সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে রাজশাহীর সাংবাদিকেরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জন করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান বলেন, তাঁরা বিএনপিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। তবে বিএনপি যেহেতু তাঁদের সাংগঠনিক প্যাডে দুঃখ প্রকাশ করেছে, তাই ৭২ ঘণ্টার আলটিমেটাম স্থগিত করা হল। বিএনপি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থাও নেবে বলে আশা করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, ওই দিনের ঘটনার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করছেন। এ ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।