
রাজশাহী বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৬ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন ৫ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৫৯ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ১৯৬ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৭০ হাজার ২৫৭ নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ পাবনায় ৩৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২৭৭, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, নওগাঁয় ৩৪, নাটোরে ১১০, জয়পুরহাটে ২১, বগুড়ায় ১৯২ ও সিরাজগঞ্জে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২২ জন। নতুন ১২ জনের মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৮। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে বগুড়ায় ৪ জন। এ ছাড়া রাজশাহীতে তিনজন, নাটোর ও সিরাজগঞ্জে দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জে করোনায় একজন মারা গেছেন।
৮ জেলায় এ পর্যন্ত মোট মৃত ১ হাজার ১০৮ জনের মধ্যে সর্বোচ্চ ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৯৯ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১২৩, নওগাঁয় ১০৭, নাটোরে ৯০, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৩৭ ও পাবনায় ৩০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৬০২ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৮১২ জন। নতুন ৬০২ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮৪২ জন।