রিমান্ডে নারীকে নির্যাতন, পুলিশি তদন্তের সময় বাড়ল ৭ দিন

বরিশাল জেলার ম্যাপ
বরিশাল জেলার ম্যাপ

বরিশালের উজিরপুর উপজেলায় হত্যা মামলায় গ্রেপ্তার এক নারীকে (৩০) রিমান্ডে যৌন নির্যাতনের ঘটনা তদন্তের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে করা তদন্ত কমিটির তিন দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল আজ বুধবার পর্যন্ত।

এ সম্পর্কে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেন, অভিযোগ তদন্তের জন্য ওই নারীর (ভিকটিম) সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি এখন বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা যাতে কথা বলতে পারেন, সে জন্য আজ আদালতে আবেদন করা হয়েছে। এ জন্য তদন্ত কমিটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে।

২ জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার এক নারী আসামি আদালতে তাঁকে রিমান্ডে নিয়ে যৌন ও শারীরিক নির্যাতন করার অভিযোগ আনেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে বিচারক মাহফুজুর রহমান নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন অনুযায়ী তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে নির্যাতনের চিহ্ন ও নির্যাতনের সম্ভাব্য সময় উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এই প্রতিবেদন দিতে বলা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর গত রোববার অভিযোগ তদন্তে পুলিশের পক্ষ থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. সোয়াইবকে প্রধান ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনকে সদস্য করা হয়।

এ ঘটনায় রোববার রাতে উজিরপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম, ওসি জিয়াউল আহসান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে ওই থানায় একটি মামলা করা হয়। অভিযোগকারী ওই নারী আদালতে যে নির্যাতনের বর্ণনা দিয়েছেন, সে অনুযায়ী ওই নারী বাদী হয়ে মামলাটি করেন। পরদিন সোমবার সকালে পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম, ওসি জিয়াউল আহসানকে উজিরপুর থানা থেকে প্রত্যাহার করে বরিশাল জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে এ ঘটনায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শনিবার আদালতের নির্দেশে ওই নারীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালত জমা দেন।

উজিরপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আলী আরশাদ ও পরিদর্শক (তদন্ত) হিসেবে মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন আলী আরশাদ।