রোলারের চাপায় প্রাণ গেল গৃহবধূর

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার আদমদীঘিতে রোলারের চাপায় প্রাণ গেছে এক নারীর। আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বেনু বিবি (৫২)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তছির উদ্দীন ও তাঁর স্ত্রী বেনু বিবি মোটরসাইকেলে মঙ্গলবার সকালে বেনুর অসুস্থ খালাকে দেখতে বগুড়ার আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রামে যান। খালাকে দেখে আবাদপুকুর-আদমদীঘি সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। তাঁদের বহনকারী মোটরসাইকেলটি আদমদীঘির কুসুম্বী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রোলারের সামনে পড়ে।

এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তছির উদ্দীন। এতে তাঁর স্ত্রী বেনু বিবি মোটরসাইকেল থেকে ছিটকে রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আদমদীঘির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে লাশ নিয়ে গেছে নিহতের পরিবার। এ ঘটনায় আদমদীঘি থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।