টাঙ্গাইলের মধুপুর

শখই এখন আয়ের উৎস

ছোটবেলার শখকে আয়ের অবলম্বন করা যুবকটির নাম রাশেদ শাহরিয়ার। তাঁর বাড়ি উপজেলার মোমিনপুরে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মমিনপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার তোলা
 ছবি: প্রথম আলো

ছোটবেলায় টাঙ্গাইল শহরে বাণিজ্য মেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁর বাবা তাঁকে দুটি অ্যাঞ্জেল মাছ কিনে দেন। মাছ দুটি বাসায় একটি জারে চাষ করেন। তখন থেকেই অ্যাকুরিয়ামের রঙিন মাছের প্রতি তাঁর আগ্রহ জন্মে। ২০১৬ সালে বাড়িতে স্যানেটারি রিং দিয়ে দুটি জলাধার তৈরি করেন তিনি। আরও কিছু রঙিন মাছ কিনে এনে সেই জলাধারে রাখেন। এতে আয় হতে থাকে। উৎসাহ বেড়ে যায় অ্যাকুরিয়ামে মাছ চাষে। গত কয়েক বছরে তিনি নানা বাহারি মাছ চাষ করেন। এতে প্রতি মাসেই ভালো আয় হচ্ছে।

ছোটবেলার শখকে আয়ের অবলম্বন করা যুবকটির নাম রাশেদ শাহরিয়ার রিফাত ওরফে মীম। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মোমিনপুর গ্রামে। তিনি টাঙ্গাইল ট্রেক্সটাইল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন।

এ বিষয়ে কথা হয় রাশেদ শাহরিয়ারের সঙ্গে। তিনি জানান, ২০০৯ সালে তাঁর বাবা বাণিজ্য মেলা থেকে দুটি অ্যাঞ্জেল ফিস কিনে দেন। তখন পড়তেন অষ্টম শ্রেণিতে। বাড়িতে একটি স্বচ্ছ কাচের জারে এ মাছ দুটি চাষ করেন। এ দুটিকে নিয়মিত খাবার দিতেন, পানি বদল করতেন। আস্তে আস্তে মাছ দুটি বড় হতে থাকে। এর মধ্যেই বাহারি মাছ চাষে তাঁর আগ্রহ তৈরি হয়। এর মধ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অ্যাকুরিয়ামে পালনের জন্য গাপ্পি ও সোট্টে মাছ দশ জোড়া করে আনেন। গ্রামের বাড়িতে এগুলো পালন করেন। এ মাছ পোনা দিলে কয়েক মাস পরেই বিক্রি করে আড়াই হাজার টাকা পান।

রাশেদ শাহরিয়ার জানান, একপর্যায়ে দামি মাছ চাষের পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা থেকেই ২০১৬ সালের শেষ দিকে ৫ হাজার টাকায় দুই জোড়া অরেন্ডা, ৬ হাজার টাকায় দুই জোড়া কমেট, ৮ হাজার টাকায় দুই জোড়া কই কার্প এবং ২ হাজার টাকায় দুই জোড়া গোল্ডফিস আনেন। এ মাছগুলোর চাহিদা বেশি। চাষ করলে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়া যাবে, এই ছিল তাঁর লক্ষ্য। মাছগুলো ডিম দিলেও ডিম ফুটতো না। মৎস্য অফিসে যোগাযোগ করেও লাভ হয়নি। পরে সাতক্ষীরার মৎস্যচাষী সাইফুল্লাহ গাজীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় মাছগুলোর ডিম ফুটে বাচ্চা হয়। ২০১৮ সালে এ মাছগুলোর প্রথম চালান বিক্রি করেই ৪৫ হাজার টাকা পান। তখন সিদ্ধান্ত নেন বাণিজ্যিক ভিত্তিতে এ মাছ চাষ করার। বাড়ির আঙ্গিনায় বড় আকারের চৌবাচ্চা তৈরি করেছেন।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রাশেদের বাড়ির উঠানের পশ্চিম দিকে তাঁর চৌবাচ্চা। ১৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ চৌবাচ্চাটি ভেতরে আটটি ভাগে ভাগ করা। তার কোন ভাগে ছোট পোনা। কোন অংশে বড় মাছ। কোন অংশে মাঝারি মাছ। এভাবে ভাগ করা। রাশেদ চৌবাচ্চায় বিভিন্ন অংশে খাবার ছিটাচ্ছিলেন। মাছগুলো ভেসে উঠে খাবার খাচ্ছিল। মাছ দেখতে এসেছিলেন ধনবাড়ী উপজেলার মো. ফিরোজ। তিনি জানান, রাশেদ শাহরিয়ারের এ মাছ চাষ দেখে তিনিও উৎসাহিত হয়েছেন। নিজের বাড়িতে এ মাছ চাষ করছেন। হাতে–কলমে শেখার জন্য এসেছেন সেখানে। শুধু ফিরোজ নয়, মধুপুরের কাদরাইদের মাসুদুল রহমান নামের এক যুবকও মাছ চাষ শুরু করেছেন।

রাশেদ শাহরিয়ার জানান, এখন মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হচ্ছে। দিন দিন আয় বাড়ছে। আগামী দিনে দেশের বাইরেও মাছ রপ্তানি করার স্বপ্ন দেখছেন তিনি।