বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীকে বাসশ্রমিকেরা মারধর করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

এক শিক্ষার্থীকে বাসশ্রমিকরা মারধর করায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসশ্রমিকদের মারধরের ঘটনায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কটি তাঁরা অবরোধ করলে ঘণ্টাখানেকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল শাহরিয়ার বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য পটুয়াখালীগামী একটি বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসচালকের সহকারীর তাঁকে বাসে উঠতে না দিলে বাগ্‌বিতণ্ডা হয়। তখন বাসশ্রমিকেরা কিল, ঘুষি মারেন এই শিক্ষার্থীকে।

ফয়সাল শাহরিয়ার বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ডে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় পটুয়াখালীগামী একটি বাস এসে দাঁড়ালে আমি উঠতে চেষ্টা করি। গেটে দাঁড়ানো চালকের সহকর্মী আমার কাছে জানতে চান কোথায় যাব। আমি স্থানের নাম বললে নেওয়া যাবে না বলে দেন। আমি পাল্টা প্রশ্ন করলে তিনি উত্তেজিত হন এবং একপর্যায়ে সেখানে যানবাহন নিয়ন্ত্রণে নিযুক্ত বাসমালিক সমিতির অন্য শ্রমিকরা জড়ো হয়ে আমাকে মারধর করেন।’

এ খবর ছড়িয়ে পড়লে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম ঘটনাস্থলে যান। এরপর তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রক্টর মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে তাঁরা বাসমালিক সমিতি ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে কাজ শুরু করেছেন তাঁরা। দোষীদের শনাক্ত করে যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।